
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৪৫ দিনব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৭০ জন তথ্য সংগ্রহকারী (Enumerator), ৯ জন সুপারভাইজার এবং ২ জন আইসিটি সুপারভাইজারসহ মোট ৮১ জন স্বেচ্ছাসেবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কর্মসূচির আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে এবার প্রথমবারের মতো ট্যাবলেট ব্যবহার করে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। শুমারিতে সংগৃহীত তথ্য ভবিষ্যতে প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী তথ্য সংগ্রহকারী পদে আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে দক্ষ, সংশ্লিষ্ট শুমারি এলাকার স্থানীয় বাসিন্দা বা এলাকা সম্পর্কে ভালো ধারণাসম্পন্ন হতে হবে। বাংলা ভাষায় সাবলীলভাবে পড়া, লেখা ও কথা বলার সক্ষমতার পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করার শারীরিক সক্ষমতা থাকতে হবে। নারী প্রার্থীদের ৬০ শতাংশ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া পূর্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর জরিপে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
সুপারভাইজার পদে আবেদনকারীদের ন্যূনতম স্নাতক বা সমমান পাস এবং বয়স ২৫ থেকে ৪৫ বছর হতে হবে। ট্যাবলেট ও মোবাইল অ্যাপ ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের তদারকি, তথ্য পুনঃযাচাই (Re-check), দৈনিক ডিজিটাল রিপোর্ট প্রস্তুত এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের সক্ষমতা থাকতে হবে। প্রতি ৯ জন তথ্য সংগ্রহকারীর জন্য একজন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
আইসিটি সুপারভাইজার পদে দুইজন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনকারীদের স্নাতক ডিগ্রির পাশাপাশি আইসিটি, কম্পিউটার বা সফটওয়্যার বিষয়ে বিশেষ জ্ঞান এবং ট্যাবলেট ও অ্যাপ ব্যবস্থাপনায় কারিগরি দক্ষতা থাকতে হবে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত কর্মরত ব্যক্তি, চলমান শিক্ষা কার্যক্রমে ব্যস্ত শিক্ষার্থী এবং পূর্বে তথ্য জালিয়াতি বা অনিয়মের অভিযোগে বরখাস্ত কিংবা দণ্ডিত ব্যক্তি আবেদন করতে পারবেন না।
আগ্রহী প্রার্থীরা ২২ জুলাই থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পূরণকৃত আবেদনপত্র ২৩ ও ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করতে হবে। নির্বাচিত প্রার্থীদের ২৫ জুলাই সকাল ১০টায় মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের শুমারি শুরুর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং ট্যাবলেট সরবরাহ করা হবে। প্রশিক্ষণ শেষে তারা নির্ধারিত এলাকায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন৷
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, ফ্যামিলি কার্ড শুমারির সফল বাস্তবায়নের জন্য সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শুমারির মাধ্যমে প্রস্তুত হওয়া তথ্যভান্ডার ভবিষ্যতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন, ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।