
মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
অসম মার্কিন বাণিজ্য চুক্তিসহ বন্দর বিদেশিদের কাছে ইজারা বাতিল ও জাতীয় শিল্প ব্যক্তি মালিকানায় দেওয়া বন্ধ, ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর ভাস্কর্য একইস্থানে প্রতিস্থাপনের দাবিতে ঝিনাইদহে সিপিবির বিক্ষোভ ও মানববন্ধন। আমেরিকার সাথে দেশ বিরোধী বাণিজ্যচুক্তি বাতিল কর, চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দেয়া ও রাষ্ট্রায়ত্ত্ব ৪৪টি শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় দেয়া চলবে না, জনসাধারণের উপর কর ও বিদেশী ঋণের বোঝা কমানো, ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্য একইস্থানে প্রতিস্থাপনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের এইচএসএস সড়ক থেকে উল্লেখিত দাবিতে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্ত্বরে মিলিত হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কমরেড স্বপন বাগচীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তোয়াব অপুর সঞ্চালনে বক্তব্য রাখেন, পার্টি জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, জেলা কমিটির সদস্য বায়েজিদ চাষা, আরিফুল ইসলাম মিটুল, সিপিবি সদস্য আলমগীর অরণ্য প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আমলের মতো সরকারি দল-বিরোধী দল ও প্রশাসন যোগসাজশ করে দেশের মুক্তিযুদ্ধ বিরোধী, সার্বভৌমত্ব ও অসম মার্কিন চুক্তিসহ গণবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। দাসত্বের অবৈধ চুক্তি জনগণ ছুঁড়ে ফেলেছে। এই মার্কিন বাণিজ্য চুক্তিতে জনগণের কোন মতামত নেওয়া হয়নি। সমাবেশে, একইসাথে ঝিনাইদহে মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর ভাস্কর্য ও চত্ত্বর ভেঙে অন্যত্র সরিয়ে ফেলার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একইস্থানে ত্রুটিমুক্ত ও ঝুঁকিমুক্ত ভাবে প্রতিস্থাপনে দাবি জানানো হয়েছে।