
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে অবৈধ নিষিদ্ধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে আটক, দুটি নৌকা ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন।
অভিযানে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ আদায়ের পর তাকে মুক্তি দেওয়া হলেও জব্দকৃত দুটি নৌকা ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল রাষ্ট্রের অনুকূলে জব্দ রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, ভাণ্ডারিয়া উপজেলায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নদী ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, নদী ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।