
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল (২৫ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ প্রদান করা হয়েছে। একইসাথে যুবদল. স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার জন্যে নিদের্শ দেয়া হয়েছে। এরা হলেন কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রশিদ রানা, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিস্টার। বহিস্কার ও ব্যবস্থা গ্রহণের নির্দেশিত পত্রে উল্লেখ করা হয়েছে, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

পরে সাইদুর রহমান বাচ্চু নিজে এই বহিস্কারাদেশের ঘোষণা দেন। এসময় সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সদরের একাংশ) সংসদ সদস্য সেলিম রেজা সেখানে উপস্থিত ছিলেন।
হাজী মিজানুর রহমান বাবলুর বহিস্কারাদেশে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃংখলা ভঙ্গ ও তার সন্তান সুমনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার কারণে প্রথমে দল তার দলীয় পদ স্থগিত করেছিলো। পরে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে পদ ফিরিয়ে দেয়া হয়। কিন্তু গত এক মাস যাবৎ পুত্রসহ তিনি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার কারণে তাকে বহিস্কার করা হয়েছে। একইসাথে হাজী মিজানুর রহমান বাবলুর পুত্র সুমনের সাথেও দলের সকল পর্যায়ের নেতাকর্মিদের যোগাযোগ না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এ/জে