মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

জনসেবামূলক উদ্যোগে আলোচনায় ভাণ্ডারিয়ার ইউএনও মো. হাসিবুল হাসান

[print_bangla]

মাঠ প্রশাসনে সক্রিয় উপস্থিতি, সেবায় গতি, মৎস্য অভিযান থেকে উন্নয়ন তদারকিতে প্রশংসিত কর্মতৎপরতা

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠ প্রশাসনকে আরও জনমুখী, সেবাকেন্দ্রিক ও কার্যকর করে তুলতে ধারাবাহিক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত, নিয়মিত মাঠপর্যায়ের তদারকি, আইন প্রয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির বাস্তবায়নে সক্রিয় ভূমিকার কারণে অল্প সময়েই তিনি স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন।

প্রায় দুই মাস আগে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে তিনি মাগুরা সদর উপজেলার ইউএনও, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, বাজার, উন্নয়ন প্রকল্প এবং জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিদর্শন করছেন। দাপ্তরিক কার্যালয়ে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, সমস্যা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এসেছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতে, নিয়মিত সমন্বয় সভা, অগ্রগতি মূল্যায়ন এবং মাঠপর্যায়ের মনিটরিংয়ের ফলে সরকারি সেবার মান, জবাবদিহিতা ও কর্মদক্ষতা আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে।

শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত তদারকির উদ্যোগও স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত দখলমুক্তকরণ, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

সম্প্রতি গাঁজাসহ আটক এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানসহ বিভিন্ন ঘটনায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ প্রশাসনের সক্রিয়তারই প্রতিফলন।

ভাণ্ডারিয়ার নদ-নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন ইউএনও মো. হাসিবুল হাসান। তার নেতৃত্বে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, কারেন্ট জাল ব্যবহার, নিষিদ্ধ রেণু পোনা পরিবহন, বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এসব অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ রেণু পোনা জব্দ করে অবমুক্ত বা ধ্বংস করা হয়েছে, অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং আইন অমান্যকারীদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মৎস্য বিভাগের কর্মকর্তাদের মতে, এসব অভিযানের ফলে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়ছে।

বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইতোমধ্যে ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রম, কৃষক স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন, বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে উপজেলা প্রশাসনকে আরও সক্রিয় করা হয়েছে।

জনগণের অভিযোগ ও সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি বুধবার অনুষ্ঠিত গণশুনানি সম্পর্কে ভাণ্ডারিয়ার সাধারণ মানুষকে অবহিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত প্রচার-প্রচারণা চালাচ্ছে। ইউএনও মো. হাসিবুল হাসান স্থানীয় বাসিন্দাদের তাদের অভিযোগ, আবেদন ও সমস্যা নিয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আসছেন, যাতে তারা সরাসরি জেলা প্রশাসকের কাছে বিষয়গুলো উপস্থাপন করতে পারেন।

দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, জরুরি মানবিক সহায়তা প্রদান এবং নাগরিকবান্ধব প্রশাসনিক আচরণের কারণে সাধারণ মানুষের কাছে একজন সহজপ্রাপ্য কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, তিনি শুধু কার্যালয়ভিত্তিক কর্মকর্তা নন বরং মাঠে উপস্থিত থেকে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেন। ফলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান দায়িত্ব। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সেবাবান্ধব, মানবিক ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয়দের প্রত্যাশা, মাঠ প্রশাসনে জনসেবামুখী এই কর্মতৎপরতা ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে। তাদের মতে, ইউএনও মো. হাসিবুল হাসানের নেতৃত্বে প্রশাসনের সক্রিয়তা উন্নয়ন, সুশাসন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভাণ্ডারিয়াকে একটি আধুনিক, সেবাবান্ধব ও জবাবদিহিমূলক উপজেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জনসেবামূলক উদ্যোগে আলোচনায় ভাণ্ডারিয়ার ইউএনও মো. হাসিবুল হাসান

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top