
পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। মানবিক বাংলাদেশ বিনির্মাণে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার।
তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন, অনুদানের অর্থ যথাযথ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন।
এ সময় জেলা প্রশাসক উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং উপকারভোগীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে।