
দাগনভূঞা প্রতিনিধি
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ‘বাল্যবিবাহের কুফল, মাদক প্রতিরোধ, ইভটিজিং, শিক্ষার মানোন্নয়ন ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
সভায় মোহাম্মদ ইসমাইল বলেন, একটি দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। মাদকাসক্তি একজন ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি পরিবার ও সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে বাল্যবিবাহ শিক্ষার অগ্রযাত্রাকে ব্যাহত করে এবং অল্প বয়সে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সাইবার অপরাধও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি বা গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভুয়া তথ্য প্রচার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং ও হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে সচেতনতার কোনো বিকল্প নেই।
সভায় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এম আনোয়ারুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইমাম উদ্দিন, মোঃ খোরশেদ আলম, মোঃ আবুল হাসেম ও শহিদুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা, আইন সম্পর্কে সচেতনতা এবং অপরাধ প্রতিরোধে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।