
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনটে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সদরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ও পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন (৪৪) এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে ফজলুল হক (৩৪)।
থানা ও মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ফজলুল হককে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনকে আটক করা হয়। সোহরাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, জুয়া ও নাশকতাসহ ১১টি মামলা রয়েছে। যার মধ্যে মাদক মামলার সংখ্যা বেশী। এছাড়া সে বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর মামলারও আসামি। এর আগেও মাদক ও হত্যাসহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জে/এ
