
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় গাঁজা রাখার অপরাধে এক যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) ভাণ্ডারিয়া উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মো. হাসিব ফরাজী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার গালুয়া এলাকার বাসিন্দা এবং মজিবর ফরাজীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। আদালতে দোষ স্বীকার করায় মো. হাসিব ফরাজীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।