বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ ২২শে শ্রাবণ, ১৪৩৩

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দিবস পালন- শহীদ পরিবারকে সংবর্ধনা

[print_bangla]

শহীদদের আত্মত্যাগ স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) দিনের কর্মসূচির সূচনায় পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জেলা প্রশাসন ও সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

পরে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ ও ত্যাগের ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এদিকে দিবসটির মানবিক কর্মসূচির অংশ হিসেবে জেলা কারাগার, জেলা হাসপাতাল ও সরকারি শিশু পরিবারে বিশেষ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দিবস পালন- শহীদ পরিবারকে সংবর্ধনা

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top