বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ ২২শে শ্রাবণ, ১৪৩৩

আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, যৌথ অভিযানের ঘোষণা ইউএনওর

[print_bangla]

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা। বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন জুবায়ের হায়দার বুলু, তারেক আহমেদ মিলন, নাসীরুদ্দীন রুমি, আশরাফুজ্জামান মাসুম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান শাকিল, কৃষক মুজিবর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, হাফেজ আব্দুল্লাহ, হাজি বাহাউদ্দীন, ইমরান, খায়রুল সরকার, রানা আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, সরকারি ভাবে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকায় ইজারা নিয়ে বালু উত্তোলনের অনুমতি থাকলেও ইজারাদাররা আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, তাজপুর ও দুর্গাপুর গ্রামের নদী তীরে ঢুকে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে। এতে শতাধিক কানি কৃষি জমি, মিল-ফ্যাক্টরি, ইটভাটা, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা প্রতিনিয়ত নদী গর্ভে বিলীন হচ্ছে। দ্রুত এ কার্যক্রম বন্ধ করা না হলে পুরো এলাকা নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন। তারা আরও বলেন, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার কৃষক ও সাধারণ মানুষ তাদের কৃষি জমি, বসতভিটা এবং জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়বেন। তাই, অবিলম্বে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন স্থায়ী ভাবে বন্ধের দাবি জানান তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনের একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, এর আগেও বিভিন্ন সময়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে আশুগঞ্জ ও ভৈরব উপজেলা প্রশাসন সম্মিলিত ভাবে বালুমহালের অনিয়ম ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করবে। তিনি আরও বলেন, “সরকারের কাজ জনগণকে সামনে এগিয়ে দেওয়া। সরকার জনগণের পাশে ঢাল হয়ে থাকবে। তবে ভবিষ্যতে শুধু মানববন্ধন নয়, আপনারাও সচেতন থেকে এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে ভূমিকা রাখবেন।” মানববন্ধনের আয়োজন করেন বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের গ্রামবাসী ও কৃষকবৃন্দ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, যৌথ অভিযানের ঘোষণা ইউএনওর

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top