শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ ২৩শে শ্রাবণ, ১৪৩৩

বেকুটিয়া ব্রিজ ঘিরে আধুনিক পর্যটনকেন্দ্র- মাস্টার প্ল্যানে বদলে যাচ্ছে পিরোজপুরের পর্যটনের চিত্র

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ঐতিহ্যবাহী বেকুটিয়া সেতু ও কচা নদীকে ঘিরে একটি আধুনিক, নান্দনিক ও পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে- বেকুটিয়া পার্ক মাস্টার প্ল্যান-২০২৬, যা বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে বেকুটিয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কচা নদীর মনোরম প্রাকৃতিক পরিবেশ, বেকুটিয়া সেতুর দৃষ্টিনন্দন অবয়ব এবং এলাকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক বিনোদন ও অবকাশকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রস্তাবিত মাস্টার প্ল্যানে নদীর তীর ঘেঁষে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, পরিকল্পিত বসার স্থান, সবুজায়ন ও ল্যান্ডস্কেপিং, শিশুদের জন্য বিনোদন ও খেলার ব্যবস্থা, সেলফি কর্নার, নদীকেন্দ্রিক অবকাশযাপনের সুযোগ এবং আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে উন্মুক্ত পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

এছাড়া দর্শনার্থীদের খাবার ও বিশ্রামের সুবিধার্থে দুই তলা বিশিষ্ট দুটি আধুনিক রেস্টুরেন্ট নির্মাণের প্রস্তাবও রাখা হয়েছে। পুরো পার্ক এলাকায় থাকবে নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতের ব্যবস্থা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বেকুটিয়াকে শুধু একটি পার্ক নয়, বরং একটি পূর্ণাঙ্গ পর্যটন কমপ্লেক্সে রূপান্তরের চিন্তা করা হয়েছে। এতে একদিকে যেমন স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ বাড়বে, অন্যদিকে জেলার অর্থনীতি ও পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে।

জেলা প্রশাসনের মতে, বেকুটিয়া পার্ক প্রকল্প বাস্তবায়িত হলে পিরোজপুরের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে জেলার পরিচিতি আরও বৃদ্ধি পাবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বেকুটিয়া ব্রিজ ঘিরে আধুনিক পর্যটনকেন্দ্র- মাস্টার প্ল্যানে বদলে যাচ্ছে পিরোজপুরের পর্যটনের চিত্র

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top