
তিন গ্রেফতারি পরোয়ানার আসামি, বিভিন্ন থানায় রয়েছে আরও ৯ মামলা
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ওরফে রেজভীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা এবং বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সাব্বির হোসেন ওরফে রেজভীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট নয়টি মামলা বিচারাধীন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃত রেজভী ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।