
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রবিবার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্মানিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী এবং সংরক্ষিত মহিলা আসন-৪৯ এর সংসদ সদস্য জনাব সুলতানা জেসমিন। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং জোরদার, খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পিরোজপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।