
পাটজাত মোড়ক ব্যবহার, ভোক্তা অধিকার ও কেমিক্যালমুক্ত ফল নিশ্চিতে নানা সিদ্ধান্ত
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসনের উদ্যোগে তিনটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো বন্ধে প্রয়োজনীয় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত সভাগুলোতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
অনুষ্ঠিত সভাগুলোর মধ্যে ছিল পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ক মনিটরিং কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার কমিটির সভা এবং কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো বন্ধকরণে জেলা পরিবীক্ষণ কমিটির সভা।
সভায় বাজার ব্যবস্থাপনা, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আইনানুগ তদারকি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাস্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং বাজারে অনিয়ম রোধে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।