
বরিশাল রেঞ্জে নতুন দায়িত্বে আবু রায়হান মুহাম্মদ সালেহ, উষ্ণ অভ্যর্থনা ও দিকনির্দেশনা সভা
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আবু রায়হান মুহাম্মদ সালেহ-কে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানিয়েছে বরিশাল রেঞ্জ পুলিশ।
সোমবার (১০ আগস্ট) বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার রুনা লায়লা এবং পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব। এছাড়াও রেঞ্জ ডিআইজি অফিসের বিভিন্ন পর্যায়ের পুলিশ ও নন-পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে আবু রায়হান মুহাম্মদ সালেহ বরিশাল রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল এবং জনসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।