
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে ভাণ্ডারিয়া থানাধীন মিজান মার্কেট এলাকা থেকে মনোয়ার মৃধা (৩৮) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তিনি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকার বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভাণ্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।