
সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা পরিচালনার নির্দেশ, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট ২০২৬ থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সকল আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ অপচয় রোধে সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা অনুসরণ করতে হবে।
তবে কাঁচাবাজার, খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিভাগ বলছে, বিদ্যুতের চাহিদা ও সরবরাহ ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।
সূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (MPEMR) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনা।