
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
‘৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতি’র ষষ্ঠ ভার্চুয়াল সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট (শনিবার) ২০২৬ তারিখ রাত ৯:৩০ মিনিটে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির নীতি নির্ধারণী পরিষদের সদস্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিভাগীয় আহ্বায়ক মো. আবিদ হোসেন। নীতি নির্ধারণী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুল ইসলাম শেখের সঞ্চালনায় সভায় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশ নেন।

ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন সমিতির নীতি নির্ধারণী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব জনাব এম এইচ রশিদ, কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল হক মনোয়ার এবং মর্জিনা বেগম, ফারুক চৌধুরী । এছাড়াও কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ সভায় যুক্ত ছিলেন।
সভায় মূলত দুটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রথমত, সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দ্রুত গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয়ত, আগামী ২৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ‘কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি’র বহুপ্রতিক্ষিত অভিষেক অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। এই অভিষেক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে কার্যকরী পরামর্শ আদান-প্রদান, নাম নিবন্ধন প্রক্রিয়া এবং বিভিন্ন গঠনমূলক কৌশল নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সভায় বক্তারা পেনশন সমর্পণকারীদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সবশেষে, সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সঞ্চালক সভার সমাপ্তি ঘোষণা করেন।