
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
সোমবার (১৭ আগস্ট ) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা (বিভিন্ন সংস্থার সাথে) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় জুলাই ২০২৬ মাসে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধ, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, যানজটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান। হোপ ব্রিজ ফাউন্ডেশনের সভাপতি সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্য সহায়তা প্রদান এবং বিট পুলিশিং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি মহানগরীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে দুই রঙের অটোরিকশার জন্য পৃথক সময়ে সকাল ও বিকেলে চলাচলের ব্যবস্থা করার বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষে আশ্বাস প্রদান করেন।
ফেডারেশন অব এনজিও বাংলাদেশের প্রতিনিধি সভায় অংশগ্রহণের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহানগরীর যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন এবং রাজশাহী মহানগরীতে মাদক পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ কমিশনার মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সময়মতো মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট প্রদান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির সকল থানা ও ইউনিটকে আরও আন্তরিকতা, সততা, পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ জনগণ যাতে দ্রুত, কাঙ্ক্ষিত ও মানসম্মত পুলিশি সেবা পায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো.ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো: শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো. দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো.গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রেঞ্জ ডিআইজি, রাজশাহী, রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজশাহী, এন্টি টেররিজম ইউনিট, রাজশাহী; র্যা ব-৫, রাজশাহী; রাজশাহী ব্যাটালিয়ন-১ (বিজিবি); পিবিআই; সিআইডি; নৌ-পুলিশ; ট্যুরিস্ট পুলিশ; ফরেনসিক মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ; রাজশাহী সিটি কর্পোরেশন; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী; চেম্বার অব কমার্স; মহিলা চেম্বার অব কমার্স; হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট; এনজিও অ্যাসোসিয়েশন; দিনের আলো হিজড়া সংঘ এবং হোপ ব্রিজ ফাউন্ডেশন, রাজশাহীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।