
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিত করতে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টায় পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে এ কীট প্যারেড অনুষ্ঠিত হয়।
এতে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহরাব হোসাইন।
পুলিশ মিডিয়া সেল পিরোজপুর জানায়, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দকৃত সরকারি মালামাল সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ এবং এসব সরকারি সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কীট প্যারেড আয়োজন করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন সরকারি মালামাল যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহারের পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।