
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেরিন সুলতানা। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্বভার গ্রহণের পর মেরিন সুলতানা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন সার্কেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অন্যান্য ইউনিটের ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, পেশাদার ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
মেরিন সুলতানা ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
ঝালকাঠিতে যোগদানের আগে তিনি পুলিশ সুপার হিসেবে এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় কর্মরত ছিলেন।