
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯ ঘটিকায় রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, সিরাজগঞ্জ’র বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। পরিদর্শনকালে তিনি রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসের কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ এবং সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
কল্যাণ সভায় ডিআইজি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও কল্যাণ সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন। তিনি উত্থাপিত সমস্যাসমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন এবং পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় বিশেষ ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য প্রধান অতিথি ডিআইজি পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। এরপর ডিআইজি সিরাজগঞ্জ জেলা ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলায় কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় ডিআইজি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও তৎপর, দায়িত্বশীল ও সমন্বিত ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা দ্রুত ও যথাযথ ভাবে প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।