
খরুলিয়ায় হানিফ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১২:
১জনের অবস্থা গুরুতর
মোরশেদ কক্সবাজার:
কক্সবাজার খরুলিয়ায় নাগিনীপুল ও হিন্দু পাড়া এলাকায় হানিফ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে মোটরসাইকেল আরোহীসহ মোট ১২ জন আহত হয়েছেন।
দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সরেজমিন ও স্হানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী হানিফ বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় সংঘর্ষের জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাস যাত্রী ১০জন ও ২জন মোটরসাইকেল আরোহীসহ মোট ১২জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে মোটরসাইকেলের আরোহী ২জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এছাড়া স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছেন।
এবিষয়ে জানতে চাইলে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, “হানিফ বাস ও মোটরসাইকেল”র সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে সার্জেন্ট মাসুদকে পাঠানো হয়েছে।
তিনি বাসযাত্রী আহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় সাময়িক যানজট ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কাজ করছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।