বাইশারীতে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন গ্রেফতার

[print_bangla]

বাইশারীতে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন গ্রেফতার

মোরশেদ। বান্দরবান জেলা: নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিশেষ অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৯৫০ টাকাসহ রুহুল আমিন (৩৮) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১টা ৫ মিনিটের সময় বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের খোলা মাঠ থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন উত্তর বাইশারী গ্রামের মোশাররফ আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাঃ মনজুর আহসানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শওকত জামিল এবং সঙ্গীয় ফোর্স এই সফল অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন তার আরও কয়েকজন সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে মাদক কেনাবেচা করে আসছে। ঘটনার রাতে মাদক লেনদেনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুহুল আমিনকে হাতেনাতে আটক করা হয়। তবে এ সময় তার আরও তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায়, ধৃত রুহুল আমিনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাইশারীতে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন গ্রেফতার

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top