
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান ও শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।