
বাইশারীতে মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি: নিরাপত্তার চাদরে ঢেকে দিতে কাজ করছে পুলিশ তদন্ত কেন্দ্র
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপদ বাইশারীকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কঠোর অবস্থান নিয়েছে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র। সরকারের ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনজুর আহসান।
সাম্প্রতিক সময়ে মাদক কারবারি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন সফল অভিযানে নেতৃত্ব দিয়ে বাইশারীকে একটি শান্তির জনপদে রূপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পুলিশ তদন্ত কেন্দ্রের প্রতিটি সদস্য অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাইশারীর সার্বিক নিরাপত্তাকে সুদৃঢ় ও জনবান্ধব করতে ইনচার্জ মোঃ মনজুর আহসানের পাশাপাশি তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ শওকত জামিল এবং সঙ্গীয় ফোর্স নিয়মিতভাবে বিশেষ অভিযান ও টহল পরিচালনা করছেন।
তাঁদের এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে এলাকায় অপরাধমূলক কার্যক্রম অনেকাংশে হ্রাস পেয়েছে, যা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
এলাকাবাসী জানান, পুলিশ প্রশাসনের এমন তৎপরতার ফলে মাদক বিক্রেতা ও অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। সাধারণ জনগণ পুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনজুর আহসান জানান,মাদক, সন্ত্রাস ও যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।
বাইশারীর আপামর জনসাধারণের জীবনযাত্রাকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে আমরা সবসময় সচেষ্ট আছি।
জনগণের দোরগোড়ায় আইনগত সেবা পৌঁছে দিতে এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নিয়মিত ও কঠোর ভূমিকার কারণে বাইশারী এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।