
কক্সবাজারে র্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত কালু গ্রেফতার
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামী অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫), শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) কক্সবাজার সদর থানাধীন শহীদ মিনার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ সদর ব্যাটালিয়ন কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল ও আভিযানিক ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হত্যাচেষ্টা, ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ কালু শহীদ মিনার রোড এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯:৪০ ঘটিকায় র্যাব সদস্যরা তাৎক্ষণিক শহীদ মিনার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোঃ কালু কক্সবাজার সদর উপজেলার ফদনার ডেইল (সমিতি পাড়া) এলাকার নুরুল ইসলাম মাঝি ও রাশেদা বেগমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞসাবাদ ও তথ্য পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি এবং চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।