
সড়কের কাদা-আবর্জনা পরিষ্কার, ব্যবসায়ীদের ডাস্টবিন ব্যবহারের আহ্বান
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিডি ক্লিনের সদস্যদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভাণ্ডারিয়া পৌরসভা। শনিবার (২৯ আগস্ট) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়ার প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে সড়কের এক পাশে কাদা-মাটি ও ময়লা-আবর্জনা জমে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। অভিযানের মাধ্যমে সড়কের ওই অংশ পরিষ্কার করায় জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরেছে।
অভিযানে নেতৃত্ব দেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান। এ সময় তিনি নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সড়কের আশপাশের ব্যবসায়ীদের একত্রিত করে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
ইউএনও ব্যবসায়ীদের প্রতিটি দোকানে ময়লা রাখার ঝুড়ি রাখার পরামর্শ দেন এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ও ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করেন। একই সঙ্গে দোকানের আশপাশ পরিষ্কার রাখার কাজে ব্যবসায়ীদেরও নিয়মিত অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি সতর্ক করে বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি ক্লিন ভাণ্ডারিয়ার কার্যক্রমের প্রশংসা করে ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, বিডি ক্লিনের সদস্যরা প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন। সমাজের সবাইকে এ ধরনের মহৎ কাজে অংশ নেওয়া উচিত। সবাই সচেতন হলে পরিচ্ছন্ন ও সুন্দর ভাণ্ডারিয়া পৌরসভা গড়ে তোলা সম্ভব।
অভিযানে ভাণ্ডারিয়া পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন, স্টোরকিপার মো. রিয়াজ খান, বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা সমন্বয়ক মো. মেহেদী হাসানসহ সংগঠনের সদস্যরা, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ীরা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানান। তারা ভবিষ্যতে দোকানের সামনে ঝুড়ি ব্যবহার, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।