
মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার পুরাতন বাজারের তেলিপট্টি মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম চন্ডিপুর ইউনিয়নের বিষকাড়ি-হরিপুর এলাকার জলিল মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় বিপরীত দিক থেকে আসা সাথী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনার ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।