
নতুন প্রজন্মের মাঝে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়
এমএফএইচ রাজু | পিরোজপুর প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন, পিরোজপুরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং পুলিশ সুপারের প্রতিনিধি।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রতিযোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা রয়েছে, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
বক্তারা নতুন প্রজন্মকে নজরুলের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি জাতীয় কবির সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তাদের আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।