
নিজস্ব প্রতিবেদক | বরিশাল | ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ছাত্রনেতা মো. তাওহীদুল ইসলামের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য নির্মল ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ছাত্রনেতা মো. তাওহীদুল ইসলাম বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করা প্রয়োজন।
তাওহীদুল ইসলামের প্রত্যাশা, আজ রোপণ করা ছোট ছোট চারাগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হবে। ছায়া, ফল ও অক্সিজেন দিয়ে সমৃদ্ধ করবে বিএম কলেজ ক্যাম্পাস এবং একটি সবুজ ও সুন্দর আগামীর বার্তা ছড়িয়ে দেবে।