বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ ১৮ই ভাদ্র, ১৪৩৩

খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি

[print_bangla]

নিজস্ব প্রতিবেদক | খুলনা | ২ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ভৈরব নদে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর জেলখানাঘাট এলাকায় ভৈরব নদের মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলখানাঘাট থেকে যাত্রী নিয়ে ট্রলারটি সেনেরবাজারের দিকে যাচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ট্রলারে থাকা যাত্রীরা পানিতে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর আশপাশে থাকা নৌযানের লোকজন ও স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

রূপসা নৌ-ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরাও উদ্ধারকাজে অংশ নেন। এ পর্যন্ত কেউ নিখোঁজ হয়েছেন এমন তথ্য কেউ জানায়নি। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

নদীতে তীব্র স্রোত থাকায় ট্রলারটি উদ্ধারে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নিখোঁজ কেউ রয়েছেন কি না, তা নিশ্চিত করতে নৌ পুলিশের টহল ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, জেলখানাঘাট এলাকায় এর আগেও নৌযান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, ঘাটের ব্যবস্থাপনা, নৌযান চলাচলে সমন্বয়ের অভাব এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমের পাশাপাশি কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top