
পরিচয় লুকিয়েও শেষ রক্ষা হলো না, ১৪ বছর পর র্যাবের জালে হত্যা মামলার আসামি
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
চট্টগ্রামের সাতকানিয়া থেকে হত্যা মামলার ১৪ বছর ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি হাবিবুর রহমানক(৪৩) কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতকানিয়া থানাধীন কেরানিহাট বাসস্ট্যান্ড সংলগ্ন “ছদাহা ফার্মেসি”-র সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের মধ্যম ফুজুর পাড়া এলাকার আলি মিয়া ও দিলোয়ারা বেগমের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামি সাতকানিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি। আইন প্রয়োগকারী সংস্থার গ্রেপ্তার এড়াতে সে বিগত ১৪ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে নাম ও পরিচয় গোপন করে ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।