এম এ রশীদ:
পর্তুগাল থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতা সমাধান করতে গিয়ে চরম হয়রানি ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এক প্রবাসী। জকিগঞ্জের বাসিন্দা ওই প্রবাসীকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সবার সামনে চড় মারার গুরুতর অভিযোগ উঠেছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে।
ভুক্তভোগী প্রবাসীর অভিযোগ, প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে সেবা নিতে কার্যালয়ে হাজির হওয়া সত্ত্বেও তার এনআইডির সমস্যার সমাধান করা হয়নি। উল্টো কথা কাটাকাটির একপর্যায়ে কর্মকর্তা আলাউদ্দীন তাকে সবার সামনে অপমান করেন এবং দুই গালে চড় মারেন। উপস্থিত সাধারণ সেবা প্রার্থীদের মাঝে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চড় মারার অভিযোগ সরাসরি স্বীকার না করলেও বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি ও বাক্যবিনিময়’ বলে দাবি করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। তিনি জানান, পরবর্তীতে বিষয়টি মীমাংসা করে সংশ্লিষ্ট প্রবাসীকে নতুন আবেদনের নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে সরকারি অফিসে সেবা নিতে এসে প্রবাসীর ওপর এমন প্রশাসনিক লাঞ্ছনার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সিলেট প্রশাসনিক মহলেও বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।