
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার রাতে উপজেলার চিকাশি ইউনিয়নের গুলারতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে এ ফুটবল আসর।
চিকাশি স্বপ্ন সারথি ও গুলারতাইড় ক্রীড়া সংঘের যৌথ আয়োজনে ফাইনাল খেলায় মুখোমুখি হয় গুলারতাইড় স্পোর্টিং ক্লাব ও গুলারতাইড় থান্ডারবোল্টস। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে গুলারতাইড় থান্ডারবোল্টসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গুলারতাইড় স্পোর্টিং ক্লাব। আলোঝলমলে রাত, মাঠজুড়ে ফুটবলের উন্মাদনা আর দর্শকদের করতালিতে মুখরিত ছিল গুলারতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজুরুল হক মজনু, আলমগীর হোসেন তালুকদার, নুরনবী তালুকদার, শিপন মিয়া, তমাল আহমেদ ও নাঈম ইসলাম। আলোচনা শেষে খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আপেল মাহমুদ।