
এমএফএইচ রাজু | পিরোজপুর | ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলিজনিত কারণে পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।
বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যরা তাঁর সঙ্গে দায়িত্ব পালনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। বিদায়বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পিরোজপুরে দায়িত্ব পালনকালে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তার এবং মামলার সুষ্ঠু তদন্তে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করেছেন।
তিনি বলেন, পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণ ও সংস্কারসহ উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। অপরাধ দমনে কঠোর থাকার পাশাপাশি নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সমানভাবে গুরুত্ব দিয়েছেন।
মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলা পুলিশের সেবার মান উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট কাজের সূচনা করতে পেরেছেন। নিয়মিত পুলিশিংয়ের পাশাপাশি বিভিন্ন জনবান্ধব কর্মসূচিতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন।
বিদায়বেলায় জেলা পুলিশের সদস্যদের ভালোবাসায় সিক্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি পিরোজপুরে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
পাশাপাশি পিরোজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা ও প্রত্যক্ষ ভূমিকা রাখার জন্য জেলাবাসীর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।