
কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের ঐতিহ্যবাহী জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল সংক্রান্ত বিরোধ ও বাকবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে সাইফুল ইসলাম(২৯) হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাদমান সিহাব (৩০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহার মোতাবেক, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার সময় পাওনা টাকা পরিশোধের কথা বলে সাইফুল ইসলামকে তার পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি জাদী পাহাড় এলাকায় ডেকে নিয়ে যায়। পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিটে সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে তার মা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মারা যান।
ঘটনার পরপরই এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল জড়িতদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত ও অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ০৬টা ২০মিনিটে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল স্টীল ব্রীজ এলাকা থেকে এজাহারনামীয় আসামি সাদমান সিহাব’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিহাব কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ পর্যালোচনায় জানা যায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়েরকৃত হত্যা মামলাসহ পূর্বের একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।