
রামকৃষ্ণ তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর আদর্শ কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও অ্যাডহক কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত বিশ্বজিৎ পাল। সম্মানিত অতিথি ছিলেন ভূমি ও দলিলপত্র সংরক্ষণ কমিটির সদস্য অরুণ কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সৌমিত্র শেখর দাশ। প্রধান অতিথির বক্তব্যে মো. জসিম উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাজীবনে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। বিশেষ অতিথি ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন। একই সঙ্গে সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন। অধ্যক্ষ সৌমিত্র শেখর দাশ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা এবং নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক ফারজানা আফরোজ। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানের পর কলেজ প্রাঙ্গণের নির্ধারিত স্থানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ বৃক্ষরোপণ করা হয়।