শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ১০ই আশ্বিন, ১৪৩৩

ধুনটে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সদরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফরহাদ হোসেন ওই এলাকার হাজী আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদরপাড়া এলাকায় ফরহাদ হোসেন মাদক বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের দাবি, ফরহাদ হোসেন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় বিক্রি করে আসছিলেন। এর আগে বিভিন্ন সময় মাদকসহ তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ধুনট থানায় সাতটির বেশি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ফরহাদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top