
রামুর কচ্ছপিয়ায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
রামুর কচ্ছপিয়ায় যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং) বিকাল ৪টা থেকে মাগরিবের আগ পর্যন্ত ৩নং কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দোছড়ি স্টেশনে এই কর্মসূচি পালিত হয়। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক জনসচেতনতা মূলক উৎসবে পরিণত হয়।
দোছড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রেজাউলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। রামু প্রেস ক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মী মোঃ নুরুল হাকিমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদ। দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনুর রহমান এবং এনসিপি-র প্রতিনিধি নাহিদুল ইসলাম (আনছার)।
রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আনিসুর রহমান, এসআই মোঃ শাহরিয়ার কালাম, এএসআই মোহাম্মদ ইউনুস এবং এএসআই টুটুল সমাবেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সমাবেশের বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমাজ থেকে চিরতরে মাদক নির্মূল করতে হলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
আলোচনা সভা শেষে একটি সুসজ্জিত মাদকবিরোধী র্যালি দোছড়ি স্টেশনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকবিরোধী নানা স্লোগান ও ফেস্টুনের মাধ্যমে সংহতি প্রকাশ করেন।