
এমএফএইচ রাজু | ভোলা | ২৬ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না। মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লোকমান হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্ম মনসা গ্রামের মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, ২০১২ সালে মাগুরা সদর থানায় লোকমান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার নম্বর ১৩(৭)১২, জিআর ১৩/১২। মামলাটি আদালতে প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকায় পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮, বরিশাল অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমানের অবস্থান শনাক্ত করে। পরে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তারা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।