
হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজের দুই দিন পর উজির মণ্ডল (৫৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদীর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা উপজেলার বারমাইলসংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। উজির মণ্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া (মণ্ডলপাড়া) গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে।
নৌকায় থাকা প্রত্যক্ষদর্শী আসাদুল মালিথাসহ অন্য সহযোগীরা জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন দুপুরে তারা পদ্মা নদী পার হয়ে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের জন্য যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ একটি বড় ঢেউ নৌকায় সজোরে আঘাত করে। এতে নৌকাটি ঘুরে গেলে হাল ধরে থাকা উজির মণ্ডল ছিটকে নদীতে পড়ে যান। কিছু সময় পর তাকে পানি থেকে প্রায় ৫০ হাত দূরে হাত তুলে ইশারা করতে দেখেন সহযাত্রীরা। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় নৌকা ঘুরিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। সে সময় নৌকায় উজির মণ্ডলের সঙ্গে আরও তিনজন সহযাত্রী ছিলেন। তারা হলেন—হযরতুল্লাহ, আসাদুল মালিথা ও আতিয়ার বিশ্বাস।
লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম ও ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শরিফুল ইসলাম জানান, নিখোঁজের দুই দিন পর রোববার সকালে সুজানগরের সাতবাড়িয়া পদ্মা নদীর পাড় থেকে উজির মণ্ডলের লাশ উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে নিশ্চিত হওয়া গেছে যে নিখোঁজ কৃষক উজির মণ্ডলের লাশ পাবনার সুজানগরে পদ্মা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে।
এ/জে