সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ১৩ই আশ্বিন, ১৪৩৩

নাটোরের গুরুদাসপুরে মাদক ব্যবসায়ী পরিবারের বাড়িতে অভিযান, মা ও দুই ছেলে গ্রেপ্তার

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার 

নাটোরের গুরুদাসপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(২৬ সেপ্টেম্বর) শনিবার গভীর রাতে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শহিদুল ইসলাম ভম্বুর স্ত্রী তানিয়া আক্তার সূর্য এবং তার দুই ছেলে সম্রাট হোসেন ও শান্ত ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, যোগেন্দ্রনগর গ্রামের শহিদুল ইসলাম ভম্বু ও তার পরিবারের কয়েকজন সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তানিয়া আক্তার সূর্য, সম্রাট হোসেন ও শান্ত ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিবারের প্রধান শহিদুল ইসলাম ভম্বু পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, ভম্বু পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে তারা আটক হলেও জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মাদক ব্যবসার পাশাপাশি তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। স্থানীয়রা এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ জানান, গ্রেপ্তার তিনজন অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শহিদুল ইসলাম ভম্বু ও তার পরিবারের সদস্যরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ভম্বুর স্ত্রী ও দুই ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নাটোরের গুরুদাসপুরে মাদক ব্যবসায়ী পরিবারের বাড়িতে অভিযান, মা ও দুই ছেলে গ্রেপ্তার

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top