
এসআরবি-১৫ এর অভিযানে ডাকাত সর্দার সোহেল রানার ফেলে যাওয়া মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার।
অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ এর সদর কোম্পানি ও সিপিএসসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ডাকাত সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সোহেল রানা @ সোহেল @ হাতি সোহেল@ জসিম উদ্দিন সোহেল(৩৪)’কে গ্রেফতারের চেষ্টাকালে তার কবল থেকে একটি মোটরসাইকেল ও ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল রামু থানাধীন তুলাবাগান এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সোহেল রানা @ সোহেল @ হাতি সোহেল@ জসিম উদ্দিন সোহেল(৩৪) মোটরসাইকেলযোগে কম্বনিয়াপাড়া হতে ধেচুয়াপালং বাজারের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে, রাত আনুমানিক ২টা ১৫মিনিটে রামু থানাধীন খুনিয়াপালং ইউপিস্থ ০৫নং ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকায় পাকা রাস্তার উপর দ্রুতগামী একটি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দিলে দ্বিতীয় আসনে থাকা ব্যক্তি এসআরবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে কাঠের হাতলযুক্ত লোহার তৈরী ধারালো ছোরা ছুড়ে মারে। এই সুযোগে সন্ত্রাসী মোঃ সোহেল রানা ও তার সহযোগী মোঃ রুবেল(৩৬) তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে তাদের ব্যবহৃত ০১টি YAMAHA R15 মোটরসাইকেল ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত ০১টি ধারালো দেশিয় অস্ত্র (ছুরি) উদ্ধার করতে সক্ষম হয়।
পলাতক আসামি ১। মোঃ সোহেল রানা @ সোহেল @ হাতি সোহেল@ জসিম উদ্দিন সোহেল(৩৪), পিতা-আবুল হাশেম ড্রাইভার, সাং-হাজিপাড়া, ০২নং ওয়ার্ড, ইউনিয়ন-ঝিলংজা, সদর থানা, কক্সবাজার ও ২। মোঃ রুবেল(৩৬), পিতা-লেদু মিয়া, সাং-কম্বনিয়া, ০৫নং ওয়ার্ড, থানা-রামু, জেলা-কক্সবাজার।
পলাতক আসামি মোঃ সোহেল রানা @ সোহেল @ হাতি সোহেল@ জসিম উদ্দিন সোহেল একজন চিহ্নিত ও অভ্যস্ত অপরাধী। আসামির পিসিপিআর তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় হত্যা, অস্ত্র আইন, দ্রুত বিচার আইন, সরকারি কাজে বাধা প্রদান ও ডাকাতিসহ ১৭ টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।
উদ্ধারকৃত মোটরসাইকেল ও দেশিয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।