
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলাকালে শিশু পার্কে অবস্থান করা স্কুল, কলেজ ও মাদ্রাসার সাত শিক্ষার্থীকে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।
রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলাকালে ভাণ্ডারিয়া থানা সংলগ্ন শিশু পার্কে ওই সাত শিক্ষার্থীকে পাওয়া যায়। পরে তাদের পরিচয় যাচাই করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত অভিভাবকদের উদ্দেশে ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, সন্তানরা কোথায় যায়, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয় কি না এবং যথাযথভাবে পাঠদানে অংশ নেয় কি না এসব বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে।
তিনি বলেন, স্কুল-কলেজ ও মাদ্রাসায় পাঠদান চলাকালে কোনো শিক্ষার্থীকে পার্ক, লঞ্চঘাট, স্টিমারঘাট, বেড়িবাঁধ, কাশবনসহ অন্য কোনো স্থানে অবস্থান করতে দেখা গেলে তাদের পরিচয় যাচাই করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
ইউএনও আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মনোযোগী রাখা এবং তাদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগের জন্য ইউএনওকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের বিষয়ে আরও সতর্ক থাকার আশ্বাস দেন। শিক্ষার্থীরাও ভবিষ্যতে পাঠদান চলাকালে বাইরে ঘোরাঘুরি না করার কথা জানায়।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে অপ্রয়োজনে বাইরে অবস্থান না করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়াই তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক।