
এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৯ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মো. গোলাম রব্বানীকে বদলি ও পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের চার কর্মকর্তাকে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদকে টাঙ্গাইলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. গোলাম রব্বানীর পরিচিতি নম্বর ১৬৬৬৫। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
এ ছাড়া মো. হুমায়ূন কবিরকে নীলফামারী এবং চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।