
এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৯ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর সদর থানার ভৈরমপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দুই লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। এ ঘটনায় মো. লিমন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে অভিযান চালিয়ে লিমন হোসেনকে আটক করা হয়। এ সময় তার ডান পকেট থেকে নীল রঙের জিপারে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিমন হোসেন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জুজখোলা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল আউয়ালের ছেলে। তাঁর মায়ের নাম মোছা. নাসিমা বেগম।
পরে, লিমন হোসেনের দেখানো মতে ভৈরমপুর গ্রামের রবিউল হাওলাদারের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে একটি ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা হলুদ রঙের ছোট শপিং ব্যাগের ভেতর নীল রঙের জিপারে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই স্থান থেকে মাদক বিক্রির দুই লাখ টাকা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোট ২০০ পিস ইয়াবার ওজন ২০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।