
কক্সবাজারে বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ ব্যক্তি লাল মিয়ার ইন্তেকাল
মোঃ মোরশেদ, (জেলা প্রতিনিধি) কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ডেইঙ্গাপাড়া এলাকার বিশিষ্ট প্রবীণ ব্যক্তি লাল মিয়া (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, মরহুম লাল মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগের ব্লক ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
আজ বুধবার (বিকাল ৫টার দিকে) হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার শেভরন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষ করে হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করছেন বলে চিৎকার দিয়ে ওঠেন।
পরিস্থিতি আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিকভাবে তাঁর মেজো ও ছোট ছেলে তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে থাকা অবস্থাতেই তিনি মারাত্মক হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন এবং নাতি-নাতনি রেখে গেছেন।
আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় ডেইঙ্গাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে
মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হবে। এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।