
বিশেষ প্রতিনিধিঃ-
বাংলা লোকসংগীতের চর্চা, গবেষণা ও বিশ্বময় বিস্তারে যাঁরা নিরলস কাজ করে যাচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম একজন সংগীতশিল্পী এবং এপর্যন্ত শতাধিক গানের গীতিকার আতিকুর রহমান।

বরিশাল জেলার হিজলা উপজেলার বদরপুর গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী স্কুল জীবন থেকেই সংগীতের সাথে যুক্ত। ছোটবেলা থেকে বিভিন্ন মঞ্চে গান পরিবেশন করে তিনি সুনাম ও একাধিক পুরস্কার অর্জন করেছেন। তাঁর পিতা মো: খলিলুর রহমান ছিলেন একজন স্কুল শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আতিকুর রহমান বলেন, “বাংলা সংস্কৃতি চর্চার একটি বিশাল অধ্যায় হলো সংগীত। সংস্কৃতি চর্চা না হলে কোনো জাতির মানসিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখা যায় না। তিনি চান নেশার অন্ধকার জগত থেকে যুব সমাজকে সংগীতের আলোয় প্রতিষ্ঠিত করতে। পাশাপাশি লোকসংগীতের সুর ও ভাবধারা সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে। এই লক্ষ্যেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আতিকুর রহমা।
তিনি শুধু গায়কই নন, গান লেখেন এবং সুরও করেন। তাঁর লেখা ও সুর করা বেশকিছু গান বিটিভি, বেতার ও দেশ-বিদেশের বরেণ্য সংগীত শিল্পীরা পরিবেশন ও প্রচার করায় শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে তাঁর লেখা “এতো ভালোবাসা আমি রাখবো কোথায়” শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে “গণতন্ত্রের মা” নামে একটি গানও প্রকাশিত হয়েছে।
সামাজিক ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় নিবেদিত এই গুণী শিল্পীর প্রত্যাশা পূরণ হোক মর্মেই দোয়া ও ভালোবাসাসহ তাঁহার পাশে থাকার দাবি জানিয়েছেন দেশবাসীর কাছে।